রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়সংলগ্ন সারদা সড়কে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই সারদা সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে শুরু হয় নতুন শাখার কার্যক্রম।
উদ্বোধনের পর অতিথিরা প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং বিভিন্ন মিষ্টান্নের মান ও আয়োজন সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২১ সালে পুঠিয়ার নওয়াপাড়া এলাকায় ছোট পরিসরে ‘হরিচাঁদ মিঠাই ভান্ডার’ প্রতিষ্ঠা করেন পরিচালক পলাশ কুমার সূর্য। ক্রেতাদের আস্থা ও ভালোবাসার পাশাপাশি ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বানেশ্বরে চালু হলো প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা খলিলুর রহমান সরকার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বণিক সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার, বানেশ্বর হাটের ইজারাদার রাসেল সরকার, বণিক সমিতির সভাপতি মতিউর রহমান, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরিচালক পলাশ কুমার সূর্য বলেন, ‘২০২১ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলাম। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমরা পঞ্চম শাখা চালু করতে পেরেছি। ভবিষ্যতেও মান ও গুণগত মান বজায় রেখে ক্রেতাদের সেবা দিতে চাই।’
নতুন শাখায় বিভিন্ন ধরনের মিষ্টি, দইসহ নানা মিষ্টান্ন পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বানেশ্বর হয়ে যাতায়াতকারী মানুষ এবং আশপাশের এলাকার ক্রেতাদের চাহিদা পূরণে শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
