জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে ফেরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ করেন এবং তাদের উৎসাহ দেন।

এ সময় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভাতেও অংশ নেন তিনি।

আইএসপিআর জানিয়েছে, এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে দেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *