ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী হবে, সেই দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। রাজনীতিবিদদের কর্মকাণ্ডের সমালোচনা ও ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরার মধ্য দিয়েই জবাবদিহি নিশ্চিত হয়। তিনি বলেন, রাজনৈতিক নেতারা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের জন্য কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা গণমাধ্যমের দায়িত্বের অংশ।
সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে বিভিন্ন সময় সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হওয়ার ঘটনা উদ্বেগজনক। স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
সরকারের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব উপজেলায় শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার দিকেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা জনকল্যাণমূলক কাজ করবেন, তাঁদের ইতিবাচক কর্মকাণ্ড যেমন তুলে ধরতে হবে, তেমনি দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাদারত্বের মাধ্যমে প্রেসক্লাব ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
