ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লেকে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে ধানমন্ডি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধারের সময় মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। পরে পুলিশ পরিবারের সদস্যদের খবর দিলে জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান এসে মরদেহ শনাক্ত করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাভেদ আহম্মেদ ভাটারা থানার একটি আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন। তবে কীভাবে তিনি ধানমন্ডি লেকে গিয়ে পানিতে পড়ে মারা গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *