কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেটকারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকার রেজুখাল চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির নিচে তৈরি করা বিশেষ স্থানে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।
এ সময় ঘটনাস্থল থেকে এরফানকে আটক করা হলেও আরও তিনজন পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। পলাতকরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
