পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:

প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন ২২ বছরের এক মুসলিম তরুণী। যুবকের বয়স ২১ বছর। শুক্রবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেরপুর জেলার বলাইচর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর মেয়ের সঙ্গে পুঠিয়ার কৃষ্ণপুর বুড়া শিবতলা এলাকার বাসিন্দা অনিক কুমার দাসের (২১) পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। অনিকের বাবা বিমল চন্দ্র দাস। তরুণীর দাবি, প্রায় এক বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরেই বিয়ের দাবিতে তিনি যুবকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।

তরুণীর বক্তব্য, গত রাতে তিনি পুঠিয়ায় পৌঁছন। পরে যুবকের পরিবারের সদস্যেরা তাঁকে পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে বাড়িতে নিয়ে যান। ওই যুবককেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে হিন্দুধর্ম গ্রহণ করতেও তাঁর আপত্তি নেই বলে দাবি তরুণীর।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা। স্থানীয় কয়েক জন বাসিন্দা জানিয়েছেন, তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যুবকের পরিবারকে বলা হয়েছে। তবে তরুণী নিজের অবস্থানে অনড় রয়েছেন বলে জানা গিয়েছে।

যুবকের বাবা বিমল দাস জানিয়েছেন, তরুণীর বাবা-মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল। তাঁর দাবি, তরুণীর বাবা-মা জানিয়েছেন, মেয়ের বিষয়ে তাঁদের আর কোনও দাবি নেই; পরিবার যা ইচ্ছা করতে পারে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, মুসলিম তরুণীর হিন্দু যুবকের বাড়িতে অবস্থান নেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *