গাইবান্ধার সাঘাটায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন

 গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ডাকবাংলা এলাকায় শত্রুতামূলকভাবে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে নিঃস্ব হওয়ার শঙ্কায় পড়েছেন পুকুর মালিক ও তাঁর পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুর মালিক আব্দুল মমিন জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতামূলকভাবে তাঁর ছয় বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে ওঠে। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে তিনি হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় তাঁর পরিবারের প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আব্দুল মমিনের ছোটভাই মোস্তাক আহম্মেদ জানান,পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তাঁর মাছের খামার ধ্বংস করা হয়েছে। এতে পরিবারের আয়ের অন্যতম উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এরিপোট লেখা পর্যন্ত এ ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে আব্দুল মমিন জানান। এখন প্রশ্ন—কারা, কী উদ্দেশ্যে রাতের আঁধারে এমন ঘটনা ঘটিয়েছে? ব্যক্তিগত শত্রুতা, নাকি মাছ চাষের ব্যবসায়িক বিরোধ—তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন জরুরি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের নিকট দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *