বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর একদিন পর আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দর কিছুটা বেড়েছে। কয়েক দফা দরপতনের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরের লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বিভিন্ন মেয়াদি চুক্তিতে দাম বাড়তে দেখা যায়।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার চুক্তির দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। শেষ দিনের লেনদেনে এ চুক্তির দাম ২ সেন্ট বা ০.০২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তিতেও দর বেড়েছে। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।
এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়েও নজর রাখছেন বিনিয়োগকারীরা। তেলের বাজারে এ ধরনের কূটনৈতিক অগ্রগতির সম্ভাব্য প্রভাবও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
