ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, এরই মধ্যে বাসে বাড়তি টাকা আদায়

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হলেও নতুন ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই রাজধানীর বিভিন্ন রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো রুটে ৫ টাকা আবার কোথাও ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর রায়সাহেব বাজার, গুলিস্তান, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন রুটের বাসযাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানালে বাসের চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে বলে জানান কয়েকজন যাত্রী।

সায়েন্সল্যাব থেকে সাভার পরিবহনের একটি বাসে রায়সাহেব বাজারে আসা মিজানুর রহমান বলেন, আগে এই পথে ২০ টাকা ভাড়া দিলেও মঙ্গলবার তাঁর কাছে ২৫ টাকা চাওয়া হয়েছে। এ নিয়ে বাসের কর্মীদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

তিনি বলেন, নতুন ভাড়া এখনো চূড়ান্ত হয়নি। অথচ তার আগেই যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

অন্যদিকে, নতুন বাজার থেকে ভিক্টর পরিবহনের একটি বাসে গুলিস্তানে আসা আফতাব আহমেদ জানান, তাঁর কাছ থেকে নির্ধারিত ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

আফতাব বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব যাত্রীদের ওপর পড়ে। তবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে নিয়ম মেনে তা কার্যকর করা উচিত। সিদ্ধান্তের আগেই অতিরিক্ত ভাড়া নেওয়া গ্রহণযোগ্য নয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে ভাড়া সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭১ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জি আর শহীদ বলেন, নতুন ভাড়ার বিষয়ে মালিকপক্ষ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিআরটিএ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করা হবে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ থেকে ১৫৫ টাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *