ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬

ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দরশহর মোখায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

ইয়েমেনের সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে মোখা এলাকায় সৌদি বিমান বাহিনী হামলা চালায়। এতে ছয়জন নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন এলাকায় গত ৮ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের বিমান অভিযান জোরদার হয়েছে বলে দাবি করেছে হুথি নেতৃত্ব। তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা ছাড়াও সামরিক ও লজিস্টিক স্থাপনায় হামলার মাত্রা বেড়েছে।

হুথি হাইকমান্ডের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত যুদ্ধবিমানটির ভিডিও প্রকাশ করে তারা। একই সময়ে সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করেও হুথিদের কয়েক দফা হামলার খবর পাওয়া গেছে।

আগস্টের শেষ দিক থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। হুথিদের পক্ষ থেকে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় একাধিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর রাতে হুথি যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের পরিস্থিতি সৌদি আরবের জ্বালানি পরিবহন ও আঞ্চলিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *