হবিগঞ্জের মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অন্যত্র নেওয়ার অভিযোগে চালবোঝাই একটি পিকআপ আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পিকআপটি শাহজাহানপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে চাল নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর ভূঁইয়া শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজার এলাকায় পিকআপটি আটক করা হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫।
স্থানীয়দের ভাষ্য, নোয়াগাঁও গ্রামের মৃত রহমউদ্দিন ভূঁইয়ার ছেলে জাহাঙ্গীর ভূঁইয়া খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন। ভান্ডারুয়া গ্রামের বাসিন্দা মুঞ্জিল মিয়া অভিযোগ করেন, ডিলারের দোকান থেকে সরকারি চাল পিকআপে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা গাড়িটি আটক করেন।
এরই মধ্যে পিকআপ আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, তিনি বর্তমানে চিকিৎসকের কাছে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছেন। ফিরে এসে বিস্তারিত জানাবেন।
স্থানীয় ইউপি সদস্য মন্নান মিয়া বলেন, চাল আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে বিপুলসংখ্যক মানুষ পিকআপটি ঘিরে রেখেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ১৫ টাকা কেজি দরে চাল পাওয়ার জন্য কার্ডধারীদের অনেকে চাল না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগ করেছেন। বাজারের পাহারাদার ও স্থানীয় বাসিন্দারাই পিকআপটি আটক করেন।
মাধবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিরুল ফারুক বলেন, বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে দুইজন খাদ্য পরিদর্শক পাঠানো হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, সরকারি চাল আটকের বিষয়টি তিনি শুনেছেন। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। সরেজমিনে বিষয়টি যাচাই করে প্রকৃত ঘটনা জানা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
