দিনাজপুর প্রতিনিধি:
বিদ্যুৎ উৎপাদনে দেশীয় জ্বালানির ব্যবহার বাড়িয়ে কয়লা আমদানিতে ব্যয় কমাতে দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি নতুন করে চালুর পরিকল্পনা করছে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকা প্রকল্পটি পুনর্বাসনের মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থাপিত জ্বালানি পরিকল্পনায় ফুলবাড়ী থেকে কয়লা উত্তোলনকে মধ্যমেয়াদি পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়েছে।
জ্বালানি খাতের তথ্য অনুযায়ী, দেশে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে প্রতিবছর বিপুল পরিমাণ কয়লা আমদানি করতে হয়, এতে ব্যয় হয় প্রায় ১৫০ কোটি ডলার। ফুলবাড়ীতে প্রায় ৫৭ কোটি টন কয়লার মজুত রয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূতাত্ত্বিক হিসাবে উল্লেখ করা হয়েছে।
এদিকে প্রকল্প নিয়ে স্থানীয়দের মধ্যে পুনর্বাসন, জমি অধিগ্রহণ ও ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। একই সঙ্গে খনিবিরোধী বিভিন্ন সংগঠনও পরিবেশ ও জনজীবনের সম্ভাব্য ক্ষতির কথা তুলে ধরে প্রতিবাদ করছে।
অন্যদিকে স্থানীয় অনেক তরুণ ও বাসিন্দা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ীসহ আশপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। শেষ পর্যন্ত স্থানীয় জমির মালিকদের কীভাবে সম্পৃক্ত করা হবে এবং পুনর্বাসন কীভাবে হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
এবি/আকা
