দিনাজপুরের হিলিতে ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন: বন্ধ রেল যোগাযোগ

 

শাহ্ আলম শাহী,দিনাজপুর:
দিনাজপুরের হিলিতে ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। কোন হতাহতদের ঘটনা না ঘটলেও এতে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় হঠাৎ করে ইঞ্জিন থেকে বগির সংযোগকারী হুক খুলে যায়। ফলে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে সাতকুড়ি এলাকায় আটকে পড়ে এবং ইঞ্জিনটি একা হিলি রেলস্টেশনে পৌঁছে যায়।

তিনি আরও জানান, বিচ্ছিন্ন হওয়া কয়েকটি বগির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় মেরামতের জন্য বগিগুলো বিরামপুর রেলস্টেশনে নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দ্রুত লাইন সচল করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *