চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে বুধবার ভোরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ১৭ জন বাংলাদেশে প্রবেশ করেন। এরপর সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের পর দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে আগ্রা কারাগারে প্রায় তিন বছর সাজা ভোগ করেন তারা। সাজার মেয়াদ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফের ১২ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *