সকালে ঈদের নামাজ, দুপুরেই নিথর দেহ— রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু! 

 হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:সকালে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নামাজ আদায় করেছিলেন। প্রিয়জনদের সঙ্গে কেটেছিল উৎসবের হাসিমাখা কিছু মুহূর্ত। কিন্তু সেই আনন্দ কয়েক ঘণ্টার ব্যবধানে পরিণত হলো গভীর শোকে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ ভান্ডারা এলাকায় পুকুরে ডুবে মোঃ মমিন আলী (২২) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঘটে হৃদয়বিদারক এ ঘটনা।
নিহত মমিন আলী দক্ষিণ ভান্ডারা এলাকার আজিজুর ইসলাম ওরফে পচকটুর ছেলে এবং ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের সকালে মমিন পরিবারের সদস্যদের সঙ্গে নামাজ আদায় করে বাড়ি ফিরে আসেন। দুপুরের দিকে বাড়ির পাশের নিজেদের পুকুরে গোসল করতে নামেন তিনি। গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। যে বাড়িতে সকালে ছিল ঈদের আনন্দ, সেই বাড়িতেই দুপুর গড়াতেই শুরু হয় আহাজারি আর কান্নার রোল। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। মমিন আলী স্থানীয়ভাবে ভদ্র, বিনয়ী ও সামাজিক তরুণ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সক্রিয় ও জনপ্রিয় মুখ। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এদিন রাত সাড়ে ৯টায় দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, এমন দোয়াই করছেন এলাকাবাসী।

3 thoughts on “সকালে ঈদের নামাজ, দুপুরেই নিথর দেহ— রাণীশংকৈলে পুকুরে ডুবে ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *